সারাদেশ

‘ধর্ষণ ও অপরাধীদের কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না, দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২৪:৫২ প্রিন্ট সংস্করণ

 

মো. আসাদুজ্জামান, বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, ধর্ষণসহ জঘন্য অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি জোর দেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগও থাকবে না এবং আইন অনুযায়ী তাদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা হবে।

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন সরকার ও নির্বাচন পেয়েছি। শহীদদের আত্মা কষ্ট পায় বা তাদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড এই সরকার মেনে নেবে না। গণঅভ্যুত্থানে যারা অপরাধ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তবর্তীকালীন সরকারের সময়ে জনস্বার্থে জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই বিল আকারে পেশ করা হবে। এছাড়া নরসিংদীর ধর্ষণ মামলা এবং ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিচার করা হবে বলে আশ্বাস দেন।

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মন্ত্রী বলেন, “সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রকল্পের একটি পয়সাও কেউ কমিশন হিসেবে নিতে পারবে না। সড়ক ও অবকাঠামো নির্মাণে কোনো প্রকার আপস হবে না। অনিয়ম করলে ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহে যারা চাঁদাবাজি, দলাদলি বা সাধারণ মানুষকে হুমকি দেবে, তাদের বিরুদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান নেবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content