নওগাঁ প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১০:৫২:৪৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রায় ১ কোটি টাকার সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
চকমুনসুব মোড় থেকে দাওইল উত্তরপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইটের খোয়া ও অপর্যাপ্ত রাবিশ, যা রাস্তাটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশে রাবিশের স্তর অপর্যাপ্ত এবং ইটের খোয়া প্রায় বালুর মতো গুঁড়ো। এতে রাস্তায় চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ।
একজন এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকল্পে ১নং খোয়া ব্যবহারের কথা থাকলেও এখানে ব্যবহার করা হচ্ছে ৩নং খোয়া। এটা কোনোভাবেই মানা যায় না।”
প্রকল্পটির ঠিকাদার চাঁপাইনবাবগঞ্জের নবী নামের এক ব্যক্তি। অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, “সব কিছু সিডিউল অনুযায়ী হচ্ছে, কোনো অনিয়ম নেই।”
তবে মান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু সায়েদ বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিন পরিদর্শন করেছি। অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঠিকাদারকে নিম্নমানের খোয়া সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয়রা দ্রুত সঠিক মান বজায় রেখে কাজ শেষ করার দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন পর রাস্তাটি সংস্কার হচ্ছে, কিন্তু এমন অনিয়ম হলে সেই আশাও নষ্ট হয়ে যাবে।





















