নওগাঁ প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৫:০৪:৫৭ প্রিন্ট সংস্করণ
২০২৫-২৬ অর্থবছরের এডিপি প্রকল্পের অর্থায়নে নওগাঁর মান্দায় দুঃস্থ নারী, কৃষক ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, স্প্রে মেশিন ও ছাতা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম, হিসাব সহকারী মিঠু কুমার, ইউপি সদস্য বিমল কুমার, আব্দুল আলিম, হামিদুর রহমান, আস্থান আলী মোল্লা, শামসুর রহমান, শাহাদৎ হোসেন, কামরুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, ধর্মীয় শিক্ষক কাজী আমিনুল ইসলাম ও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ অনেকে।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, “সরকার প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছে। আজকের এই উপহারগুলো স্বাবলম্বিতার প্রতীক। একজন নারী সেলাই মেশিন দিয়ে আয় শুরু করলে নিজের অবস্থান বদলে দিতে পারে। কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ দিতেই স্প্রে মেশিন দেওয়া হয়েছে।”
গণেশপুর ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, “এই ধরনের কর্মসূচি এলাকায় সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই আরও বেশি প্রান্তিক মানুষ এ সহায়তার আওতায় আসুক।”
সামগ্রী পেয়ে উপকারভোগীরাও আনন্দ প্রকাশ করেন। সেলাই মেশিন পাওয়া রোকসানা বেগম বলেন, “আগে অন্যের বাসায় কাজ করতাম। এখন নিজের কাজ শুরু করতে পারব।” কৃষক শহিদুল ইসলাম জানান, “স্প্রে মেশিনে খরচ বাঁচবে, জমির কাজও সহজ হবে।” আর শিক্ষার্থী তানহা আক্তার বলেন, “এখন আর বৃষ্টির ভয়ে স্কুল মিস করতে হবে না।”
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাস দেন।











