সারাদেশ

নওগাঁর মান্দায় ২৭৬ কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা

  নওগাঁ প্রতিনিধিঃ ২৫ আগস্ট ২০২৬ , ১১:৪৯:১৪ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী এবং ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। এসএসসি, দাখিল, জুনিয়র বৃত্তি ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থী এবং ভালো ফলাফল করা প্রতিষ্ঠানগুলো এ সম্মাননা লাভ করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ উপলক্ষে উপজেলা চত্ত্বরে এ সুধী সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং কৃতি শিক্ষার্থী এনাম আহমেদ।
আয়োজকরা জানান, জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি’র ১৫৮ জন ও দাখিলের ৫ জন এবং বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয় পর্যায়ের ৯১ জন, মাদ্রাসা পর্যায়ের ৪ জন ও ইবতেদায়ি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
এছাড়া ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এসএসসি’র ৩০টি ও দাখিলের ১০টি প্রতিষ্ঠান এবং জুনিয়র বৃত্তিতে ২টি ও প্রাথমিক বৃত্তিতে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content