মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১:৩৬:৪৯ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মতিঝিল এলাকায় শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মারধর, ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফকিরাপুল সংলগ্ন এলাকায় ভুক্তভোগী সাজু আহমেদ তার সহপাঠী মুনতাসির নাবিদ সংগ্রামকে সঙ্গে নিয়ে টিউশনে যাচ্ছিলেন। এ সময় নাদিম (২৪) ও আরিফ (২৫)-এর নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তাদের পথরোধ করে হামলা চালায়। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা প্রথমে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে তাদের মাটিতে ফেলে দেয়। পরে হেলমেটসহ বিভিন্ন বস্তু দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাদের জিম্মি করে রাখা হয়।
ঘটনার খবর পেয়ে সেখানে যান সাংবাদিক মাহফুজুর রহমান শিশির। এ সময় হামলাকারীরা তার সঙ্গেও অসদাচরণ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে পুনরায় ঘটনাস্থলে গেলে হামলাকারীরা আবারও হামলা চালায় বলে জানান ভুক্তভোগীরা।
এ সময় হামলাকারীরা লোহার রড, হকিস্টিক ও লাঠিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে মারধর করে। এতে সাজু আহমেদসহ অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা একটি ডিজিটাল মাইক্রোফোন, নেকব্যান্ড, হাতঘড়ি, নগদ ১৪ হাজার ৮০০ টাকা এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। পাশাপাশি থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সাজু আহমেদ মতিঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মতিঝিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














