শিক্ষা ও শিক্ষাঙ্গন

গবেষণাভিত্তিক বৈশ্বিক র‍্যাংকিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ড্যাফোডিল

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৬ , ১২:৪১:৫১ প্রিন্ট সংস্করণ

বিশ্বের গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংস্থা ইউনিভার্সিটি র‍্যাংকিং বাই একাডেমিক পারফরম্যান্স (ইউআরএপি) প্রকাশিত ইউআরএপি ওয়ার্ল্ড র‍্যাংকিং ২০২৫–২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

র‍্যাংকিং অনুযায়ী, সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডিআইইউর অবস্থান চতুর্থ। বৈশ্বিক তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১ হাজার ৪৬১তম।

এবারের ইউআরএপি ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। গবেষণার মান, প্রকাশনার সংখ্যা, উদ্ধৃতির হার এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতাসহ বিভিন্ন গবেষণাভিত্তিক সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়।

ইউআরএপি বিশ্ববিদ্যালয় মূল্যায়নে ছয়টি সূচক বিবেচনা করে। এগুলো হলো- প্রকাশিত গবেষণা নিবন্ধের সংখ্যা, সাইটেশন ইমপ্যাক্ট, মোট বৈজ্ঞানিক প্রকাশনা, আর্টিকেল ইমপ্যাক্ট টোটাল, সাইটেশন ইমপ্যাক্ট টোটাল এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা। এসব সূচকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার পরিমাণ, গুণগত মান, বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক গবেষণায় অবদান মূল্যায়ন করা হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ, উচ্চমানের গবেষণা প্রকাশনা বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে দীর্ঘদিনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে।

এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অ্যালামনাই এবং দেশি-বিদেশি অংশীদারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content