প্রচ্ছদ

রাজশাহীর বাগমারায় মাছ চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন!

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২৪ জুলাই ২০২৫ , ১০:০২:৫১ প্রিন্ট সংস্করণ


রাজশাহীর বাগমারায় মাছ চুরির অভিযোগে মুজিবুর রহমান (৫৬) নামে এক ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার হাটমাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

মুজিবুর রহমান বাগমারার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাটগাঙ্গোপাড়া বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন মুজিবুর। পথিমধ্যে হাটমাধনগর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন তার গতিরোধ করেন এবং অভিযোগ তোলেন যে, তিনি তাদের বিল থেকে মাছ চুরি করেছেন। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

ঘটনার সময় স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করলে সকাল ১০টার দিকে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে।

মুজিবুরের স্বজনদের অভিযোগ, জোঁকাবিল ঘিরে দীর্ঘদিন ধরে হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধ থেকেই মিথ্যা অভিযোগে মুজিবুরকে নির্যাতন করা হয়েছে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার পেছনে আবুল কালাম, আফসার আলী, পিয়ার বকস ও নাদের আলীর নাম উঠে এসেছে।

অন্যদিকে অভিযুক্ত আবুল কালাম বলেন, “মুজিবুর ও তার ভাই এবাদুর দীর্ঘদিন ধরে আমাদের বিল থেকে মাছ চুরি করে বাজারে বিক্রি করছেন। কয়েকবার হাতেনাতে ধরার পরও তারা থেমে থাকেননি। সম্প্রতি বিলের একটি জলকপাট খুলে মাছ বের করে দিয়েছেন তারা।”

ঘটনার বিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, “৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মুজিবুরকে বাঁধা অবস্থায় পাওয়া যায়নি, তবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। বিলের মাছচাষিদের পক্ষ থেকে মৌখিক অভিযোগ এসেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

আরও খবর

Sponsered content