সারাদেশ

সিলেটে মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা সম্পন্ন

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২ ডিসেম্বর ২০২৫ , ৫:৫৪:৫৬ প্রিন্ট সংস্করণ

 

সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে স্বাধীনতা প্রকল্পের আওতায় আয়োজিত দুইদিনব্যাপী কর্মশালা—‘মানবাধিকার, সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’। মঙ্গলবার (২ ডিসেম্বর) শাহজালাল উপশহরের এনজিও ফোরাম মিলনায়তনে কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও) আয়োজিত এই কর্মশালার বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পুরো কর্মসূচির অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন (EU)

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের নাগরিক পরিসর, মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় দক্ষ করে তোলা। অংশগ্রহণকারীদের দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলাও কর্মসূচির অন্যতম লক্ষ্য ছিল।

দুইদিনব্যাপী কর্মশালায় মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক পরিসর, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনির্ভর নির্যাতন, অনলাইন হয়রানি, সংবিধানে মৌলিক অধিকার, ডিজিটাল লিটারেসি, সাইবার নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, অপতথ্য মোকাবিলা ও নেতৃত্ব বিকাশ সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ হয়। অংশগ্রহণকারীরা উপস্থাপনা, দলীয় কর্ম এবং সিমুলেশন অনুশীলনের মাধ্যমে এসব বিষয়ের ওপর বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

অংশগ্রহণকারী তরুণ সাংবাদিক নাহিম মিয়া বলেন, “ডিজিটাল পরিসরে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে। এই প্রশিক্ষণ আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তব সহায়তা দেবে।” আরেকজন বলেন, “অপতথ্য যাচাই ও নিরাপদ অনলাইন আচরণ নিয়ে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা আমাদের পেশাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, “এই ধরনের উদ্যোগ তরুণদের নেতৃত্ব বিকাশ, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে বিশেষ ভূমিকা রাখছে।”

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা, আরডব্লিউডিও-এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, অ্যাকাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোশ্যাল অফিসার তামান্না আক্তার এবং প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।

সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত মোট ৩২ জন, যার মধ্যে ১৬ জন নারী ও ১৬ জন পুরুষ, কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

আরও খবর

Sponsered content