সারাদেশ

নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাদেবপুরে বিক্ষোভ-সমাবেশ ও মশাল মিছিল

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ১১:১২:৪৪ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের মনোনয়ন বাতিলের দাবিতে মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের মাছ চত্বরে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের অনুসারীরা। তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
সমাবেশে সভাপতিত্ব করেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও আব্দুল হান্নান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান চৌধুরী দুলাল, হাতুঁড় ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, খাজুর ইউনিয়নের সভাপতি বাদল বিশ্বাস এবং সফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুল আলমসহ আরও অনেকে। সমাবেশে মহাদেবপুর ও বদলগাছী উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, উপজেলার অধিকাংশ মানুষ মহাদেবপুর থেকেই সংসদ সদস্য দেখতে চান। অতীতে বিপদের সময়ে অনেক প্রার্থী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন—যারা এখন মনোনয়নের দৌড়ে। তারা বলেন, আওয়ামী লীগের সঙ্গে ‘আতাত করা’ সুযোগসন্ধানীদের মনোনয়ন দেওয়া হলে আসনটি বিএনপির জন্য ভরাডুবির আশঙ্কা রয়েছে। এ কারণে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান বক্তারা।

উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট আবেগঘন বক্তব্য দিয়ে বলেন, “১৭ বছর ধরে নির্যাতন-নিপীড়ন সহ্য করেছি, নেতাকর্মীদের আগলে রেখেছি। এতো কিছুর পরও কি আমাদের পরীক্ষা দিতে হবে? অন্য কারোর জন্য ধানের শীষের ভোট চাইতে গেলে জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে।”
তিনি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “উপজেলাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। মানুষ পরিবর্তন দেখতে চায়।”

তিনি আরও বলেন, “আমরা কখনো দল ছাড়িনি। বিএনপির নিশ্চিত বিজয়কে যারা নস্যাৎ করতে চায়, তাদের প্রতিহত করা হবে।”

সন্ধ্যায় উপজেলা মাছ চত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, নওগাঁ-৩ আসনে বিএনপির বর্তমান মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল—তিনি কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বদলগাছী থানা বিএনপির সভাপতি ও বদলগাছী উপজেলার বাসিন্দা।

আরও খবর

Sponsered content