নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ২ মে ২০২৫ , ৮:১৪:০০ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ভাষা সৈনিক গোলাম আজমের পুত্র দীর্ঘ ৮ বছর আয়নাঘরের বন্দীদশা থেকে ফিরে আসা, নবীনগরের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আযমীকে খেদমতে খালক ট্রাস্টের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (০২ মে) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে খেদমতে খালাক ট্রাস্টের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য রাইয়ান হামজা বিন সারোয়ার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দিন মনির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেগম, ২৪’র অভ্যুত্থানে শহিদ তানজিল মাহমুদ সুজয়ের পিতা শফিকুল ইসলাম, শহিদ জাহিদুজ্জামান তানভীরের পিতা শামসুজ্জামান, শহিদ কামরুল মিয়ার পিতা নান্নু মিয়া, শহিদ রফিকুল ইসলামের বোন সানিয়া আক্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেত্রী তাথৈ, ছাত্রনেতা মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দীর্ঘ ৮ বছরের বন্দী জীবনের কথা উল্লেখ করে, “আব্দুল্লাহিল আমান আযমী তাঁর বক্তব্যে বলেন, ২৯০৮ দিনের বন্দী জীবনে আমি একদিনও তৃপ্তি সহকারে খেতে পারি নি, ঘুমাতে পারিনি। তবে, ইবাদত করেছি। ইবাদত করতে কোনো বাঁধা ছিলো না। আল্লাহ আমাকে রহমতের চাদরে ঢেকে রেখেছেন বিধায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। বন্দী জীবনের প্রথম দিকে আমি যে বই গুলো লিখে ছিলাম, ওরা তা পুড়িয়ে ফেলেছে।”
এ ছাড়াও তিনি বলেন, “আপনাদের সহায়তা পেলে আমরা খেদমতে খালক ট্রাস্টের পক্ষ থেকে মানুষের খেদমত করার চেষ্টা করে যাবো।”
রাজনীতি করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহিল আমান আযমী বলেন, “আমি রাজনীতি বা নির্বাচন করার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেই নি।”
শুভ চক্রবর্ত্তী /এমআই





















