আশরাফুল আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : ১১ মে ২০২৬ , ১১:২১:৪৪ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বেসরকারি ক্লিনিকে গাইনি অস্ত্রোপচারের পর মোছা. জিম বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
নিহত জিম বেগম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের কলোমদারটারী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ফেলানীমোড় এলাকার শাকিল হোসেন রেজার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল প্রসবব্যথা উঠলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তাকে নাগেশ্বরী পৌরসভার বানুরখামার এলাকায় অবস্থিত হলি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেদিন রাত ৯টার দিকে সেখানে সিজারিয়ান অস্ত্রোপচার করেন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী।
স্বজনদের অভিযোগ, ঝড়-বৃষ্টির মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের সময় অস্ত্রোপচার করা হয়। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলেও যথাযথ চিকিৎসা না দিয়ে পরদিন তাকে ক্লিনিক থেকে বের করে দেওয়া হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় জিম বেগমকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা জহুরুল ইসলাম বলেন, “ভুল অস্ত্রোপচারের কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
স্বামী শাকিল হোসেন রেজা ও শ্বশুর রফিকুল ইসলামও একই অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে হলি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বখতিয়ারুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”
এ ঘটনায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গাউসুল আজম চৌধুরী জানান, সিভিল সার্জনের মাধ্যমে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজমুস সাকিব বলেন, “তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















