নওগাঁ প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১২:৫৭:৫৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে চারটি কাঁচা রাস্তার এইচবিবিকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা এইচবিবিকরণ করা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে উপজেলার পরানপুর, গণেশপুর ও কুসুম্বা ইউনিয়নে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— পরানপুর ইউনিয়নের জিওইল গ্রামের মমিনপাড়া থেকে রেজাউলের বাড়ি হয়ে বিল পর্যন্ত রাস্তা; গণেশপুর ইউনিয়নে ছাত্তারের বাড়ি থেকে আলিম হাজীর বাড়ি এবং শ্রীরামপুর মালেক মুহুরীর বাড়ি থেকে ওয়াহেদের মোড় পর্যন্ত রাস্তা; এবং কুসুম্বা ইউনিয়নের সেকেন্দারের বাড়ি থেকে আসমত মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার, মোস্তাফিজুর রহমান ফিরোজ, লুৎফর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন এবং ছাত্রনেতা তালহা জুবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি অংশ। এসব সড়ক উন্নয়ন সম্পন্ন হলে এলাকার কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত সুবিধা বাড়বে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কও উন্নয়নের আওতায় আনা হবে।





















