নওগাঁ প্রতিনিধি: ২৯ এপ্রিল ২০২৬ , ৯:৪৬:৪৭ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাটের মেসার্স ওহাব ট্রেডার্সের লরি চালক আজমত আলী (৫৪)। এরশাদ বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করতেন। স্থানীয়দের মতে, এই সিন্ডিকেটের সঙ্গে মঞ্জুরুল নামে আরও এক ব্যবসায়ী জড়িত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যে গভীর রাতে লরি থেকে তেল নামিয়ে গোপনে মজুত করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে মেসার্স ওহাব ট্রেডার্সের তেলবাহী লরি (নওগাঁ-ট ১১-০০২১) থেকে তেল নামানোর সময় তাদের আটক করে। এ সময় লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অসাধু ব্যবসার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।




















