অপরাধ

রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে বিতর্কে ডেসকো প্রকৌশলী ও বেতারের নবতালিকাভুক্ত গীতিকার সাকিল খান

  নিজস্ব প্রতিবেদক ৩ জুলাই ২০২৬ , ১১:১১:২৭ প্রিন্ট সংস্করণ

প্রকৌশলী, কবি এবং বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সদ্য তালিকাভুক্ত গীতিকার মো. সাকিল খানের রাজনৈতিক অবস্থান পরিবর্তনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা, বর্তমান অবস্থান এবং সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন তুলছেন নেটিজেন ও সমালোচকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর বিভিন্ন পুরোনো ফেসবুক পোস্ট, ছবি ও তথ্য পর্যালোচনায় দেখা যায়, অতীতে তিনি আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও আদর্শভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মসূচি, সভা-সমাবেশ এবং দলীয় কার্যক্রমে অংশগ্রহণেরও একাধিক আলামত প্রকাশ্যে এসেছে।

এছাড়া সামাজিক মাধ্যমে প্রচারিত কয়েকটি ছবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সরকারের একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে তাঁকে দেখা যায় বলে দাবি করা হচ্ছে।

সমালোচকদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মো. সাকিল খান দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা শুরু করেন। তাঁদের দাবি, অতীতের আওয়ামী লীগ-ঘনিষ্ঠ পরিচয় আড়াল করে নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পরই তিনি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়েও সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। অনেকেই এই অন্তর্ভুক্তির প্রেক্ষাপট ও প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

শুধু সাকিল খান নন, তাঁর সহধর্মিণী ডা. বিলকিস লিলার পুরোনো কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও নতুন করে আলোচনায় এসেছে। সমালোচকদের দাবি, ওই পোস্টগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাসূচক বক্তব্য ও আওয়ামী লীগপন্থী অবস্থানের প্রতিফলন রয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অভিযোগ ছড়িয়ে পড়েছে যে, এই দম্পতি এখনো গোপনে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা সমমনা কিছু সংগঠনের কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।  ইতোমধ্যে বিএসএল এগ্রো বিডি (বাংলাদেশ ছাত্রলীগ এগ্রো বিডি) নামক প্রতিষ্ঠানে ৩৫ লক্ষ টাকা বিনিয়োগের করার শক্ত প্রমাণ দৈনিক মতপ্রকাশের  হাতে এসে।

মো. সাকিল খান বর্তমানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এ উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি ২০১২ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ডেসকোতে যোগ দেন এবং ২০১৯ সালে পদোন্নতি পেয়ে বর্তমান পদে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। পাশাপাশি আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ও বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক হিসেবে পরিচিত একাধিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর দায়িত্ব পালন করা সংগঠনগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (ডেসকো)-এর সাংগঠনিক সম্পাদক, স্টেজ ফর ইয়্যুথ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আমরা সবাই ফাউন্ডেশনের সহ-সভাপতি ও ট্রাস্টি সদস্য, অগ্রযাত্রায় মানব কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক, আওয়ামী টেকনোলজি অ্যান্ড রোবোমেন্ট এবং বিএসএল এগ্রো বিডির চেয়ারম্যান। এছাড়া মানবিক ঢাকা সোসাইটি ও প্রাণের’৭১-সহ আরও বিভিন্ন সংগঠনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন আওয়ামী লীগপন্থী ও বঙ্গবন্ধুর আদর্শভিত্তিক বিভিন্ন সংগঠনে সক্রিয় ভূমিকা পালনের পর হঠাৎ রাজনৈতিক অবস্থান পরিবর্তনের অভিযোগ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ কারণে তাঁর বর্তমান রাজনৈতিক পরিচয়, অতীতের ভূমিকা এবং সাম্প্রতিক কার্যক্রম নিয়ে জনপরিসরে আলোচনা ও বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

এ বিষয়ে মো. সাকিল খান ও ডা. বিলকিস লিলার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে এবং আগামী ৫ জুলাই ২০২৬ (রবিবার) ইং তারিখের দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রিন্ট ভার্সনে এ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হবে।

আরও খবর

Sponsered content