সারাদেশ

আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০২৫-এর বর্ণিল উদ্বোধন রংপুর ক্যাডেট কলেজে

  রংপুর প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৪:৪১ প্রিন্ট সংস্করণ

আট দিনব্যাপী আন্তঃক্যাডেট কলেজ সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা ২০২৫ রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে রংপুর ক্যাডেট কলেজে এক বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে।

সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম অধ্যক্ষ মিসেস শাহনাজ পারভীন। অনুষ্ঠানে সেনাসদরের প্রতিনিধি ছাড়াও দেশের সকল ক্যাডেট কলেজের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে প্রতিযোগী ক্যাডেটদের অংশগ্রহণে সংগীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া।

ক্যাডেটদের প্রাত্যহিক পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চার মাধ্যম হিসেবে এই প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বাদ্যযন্ত্র, সংগীত, চিত্রকলা, কবিতা, বক্তৃতা, বিতর্ক, প্রবন্ধ রচনা প্রভৃতি বহুমাত্রিক কর্মসূচির মধ্য দিয়ে তারা হয়ে ওঠে সৃজনশীল ও বহুমুখী প্রতিভাধর।

এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস সাজানো হয় বিভিন্ন রঙিন ব্যানার, চিত্রকর্ম ও পতাকায়। সারাদিনব্যাপী প্রাণোচ্ছল পরিবেশে ক্যাডেটরা ছিলেন নির্মল আনন্দে উজ্জীবিত।

আরও খবর

Sponsered content