সারাদেশ

নেত্রকোনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

  প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ১:১৮:৪৯ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনায় কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের শামসুল হুদা (৫৫), ডাউকি এলাকার আশরাফুল ইসলাম (৩০) এবং মদন উপজেলার কাইটাল গ্রামের রাজিব (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে তার নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারও বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ ছাড়া ভোর ৫টার দিকে মদন উপজেলায় রাজিব নামে এক ইটভাটার শ্রমিক বাড়ির পাশে মাছ ধরার বাইর তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তিনি কাইটাল গ্রামের সোনালী মিয়ার ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

আরও খবর

Sponsered content