নোয়াখালী প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ১১:৩২:৩৪ প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর চাটখিল উপজেলার একটি দরবার শরীফে ঢিল ছোঁড়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী তরুণ সাইফুল ইসলাম শিপন (২৩) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের বাসিন্দা এবং তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তার পরিবার। বর্তমানে তিনি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে। পরদিন বুধবার (৩০ জুলাই) দুপুরে শিপনের বড় ভাই মো. রিপন হোসেন চাটখিল থানায় চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুল করে শিপন দরবার শরীফে একটি পাথর ছুড়ে মারেন, যার ফলে জানালার কাচ ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫) সহ ২০–২৫ জন যুবক শিপনকে ধরে এনে একটি বিদ্যুতের পিলারের সঙ্গে বেঁধে নির্দয়ভাবে মারধর করেন। এতে শিপন রক্তাক্ত জখম হন। পরে রাতে তার স্বজনেরা অনেক অনুরোধের পর তাকে উদ্ধার করেন।
অভিযুক্ত নুর হোসেন বলেন, “আমি পেশায় একজন ট্রাক চালক। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কে বা কারা শিপনকে মারধর করেছে, তাও আমি জানি না। শত্রুতা করে আমাকে জড়ানো হয়েছে।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, “ঘটনার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরবার শরীফে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙার অভিযোগ রয়েছে। তরুণটি মানসিকভাবে অসুস্থ বলেও প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় মানবাধিকারকর্মীরা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





















