মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৩ জুন ২০২৬ , ১২:৪৭:০০ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৪০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপের কারণে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি।
তিনি আরও জানান, ঘটনাকালে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে বিজিবির তৎপরতার মুখে বিএসএফ সদস্যরা রাত ২টা ৪০ মিনিটের দিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।




















