মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ৯ নভেম্বর ২০২৫ , ৭:৩৪:২১ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলছে। সরকারের জাতীয় ইপিআই (Expanded Programme on Immunization) কর্মসূচির আওতায় এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দুই সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ধাপে গত এক সপ্তাহে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২৫ হাজার শিশুর মধ্যে আরও ১৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে টিকা দেওয়া হচ্ছে।”
সারা দেশের মতো মান্দা উপজেলাতেও বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
স্থানীয় অভিভাবকরা জানান, সরকারের বিনামূল্যে টিকা কার্যক্রমে তারা সন্তুষ্ট। তাদের আশা, এই উদ্যোগে শিশুরা টাইফয়েডসহ পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকবে।




















