তথ্যপ্রযুক্তি

নির্বাচনের আগে পরিস্থিতি অস্থিতিশীল করতে ককটেল হামলা: সারজিস আলম

  বগুড়া প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৫ , ৬:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নাশকতার অংশ হিসেবে বগুড়ায় ককটেল হামলা চালানো হয়েছে।” সোমবার (২০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে জেলা পরিষদ চত্বরে এনসিপির জেলা সমন্বয় সভা চলাকালে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পুলিশ আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। তবে এতে কেউ আহত হননি।

এনসিপির নেতাকর্মীরা জানান, সারজিস আলম সভাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সভাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে নিরাপত্তা শঙ্কায় সভা সংক্ষিপ্ত করে ত্যাগ করেন এনসিপি নেতা সারজিস আলম।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল উল্লেখ করে সারজিস আলম বলেন,“এটি নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলক নাশকতা। একটি মহল পরিস্থিতিকে ঘোলাটে করতে এমন হামলা চালিয়েছে।”

পরে ঘটনার প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় বগুড়া শহরে উত্তেজনা বিরাজ করছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,“ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সভা শেষে সারজিস আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে পঞ্চগড়ের পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে রওনা হন।

আরও খবর

Sponsered content