প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:২২:৩১ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি:
মৌসুমী বায়ুর প্রভাবে টানা তিন ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় ডুবে গেছে নোয়াখালী শহর। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃষ্টির কারণে জেলা শহরের প্রধান সড়ক, অলিগলি, বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের প্রবেশপথ পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী এবং শহরের নিচু এলাকার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, পানির নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় ধীরগতিতে পানি নামছে। ফলে নোয়াখালী জেলা শহরের টাউন হল মোড়, স্টেডিয়াম এলাকা, ইসলামিয়া রোড, পৌর বাজার সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকে কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা লাল মিয়া জানান, “গত ২০ দিন ধরে একলাশপুর, হাজীপুর, দুর্গাপুর ও নরোত্তমপুর ইউনিয়নে বাড়ির আঙিনা ও সড়ক পানিতে ডুবে আছে। আমরা বাধ্য হয়ে নৌকায় চলাচল করছি।”
স্থানীয়দের অভিযোগ, শহরের জলাবদ্ধতার মূল কারণ পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থার অভাব এবং বিদ্যমান নালা-জলাশয়গুলো দখল ও ভরাট হয়ে যাওয়া। তারা অভিযোগ করেন, এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেই বললেই চলে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী ৩-৪ দিন থেমে থেমে ভারি বৃষ্টি হতে পারে।”




















