প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১১:০২:২৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে বিমানবাহিনী সদরদপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ধরনের ব্যক্তিগত পছন্দ বা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ পেশাদারিত্ব ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে।’
প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার কথা জানিয়ে সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।
অনুষ্ঠান শেষে সরকারপ্রধান বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















