প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৮:২৪:০১ প্রিন্ট সংস্করণ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
আজ সোমবার বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলস্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিআইপি রোড থেকে তাদের আটক করা হয়।
বিমানবন্দর থানা সূত্র জানায়, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘ দিনের সমস্যা। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ৪০ জনের মধ্যে ১৫ শিশু, ২ নারী এবং ২৩ প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। আটক শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিমানবন্দর থানা পুলিশ আরও জানা যায়, গত কয়েক দিনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আরও প্রায় ২৮৮ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ৩২৮ জনকে আটক করা হয়েছে। আটক শিশুদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্র, মিরপুরে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিমানবন্দর এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















