প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ , ৫:০৫:১৬ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে মারা যাওয়া পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমের পরিচয় মিলেছে। তার আসল নাম ওয়াহিদা বেগম বলে জানা গেছে। আজ শনিবার তার দুইজন আত্মীয় ছবি নিয়ে মেথিকান্দা স্টেশন মাস্টারের নিকট খোঁজখবর নিতে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জসিম উদ্দিন।
আত্মীয়তার পরিচয় দেওয়া দুইজনের তথ্যসূত্রে জানা গেছে, ববি বেগম বগুড়া জেলার গাবতলী থানার ঘোন শাখাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের মেয়ে।
জানা গেছে, প্রায় ২৫ বছর আছে ববি বাড়ী থেকে নিখোঁজ হন। ববির বিয়ে হয়েছিল। ববি নিখোঁজ হওয়ার আগেই তার স্বামী মারা গেছেন। ববিরা ৪ বোন ৪ ভাই। দুই ভাই মারা গেছেন। এখন ববির দুই ভাই ও তিন বোন জীবিত আছেন। তারা রায়পুরাবাসী ও মিডিয়ার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ববির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, মেথিকান্দা রেলস্টেশনে হামলা, মারধর ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম চিকিৎসাধীন থাকা অবস্থায় নির্যাতনের চারদিন দিন পর গত মঙ্গলবার মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।





















