সারাদেশ

পঞ্চগড়ে শিশুস্বর্গ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে শীত আনন্দ উৎসব, শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

  মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার: ২১ ডিসেম্বর ২০২৫ , ১২:০৯:৩০ প্রিন্ট সংস্করণ


শিশুস্বর্গ ফাউন্ডেশন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১৬টি স্কুলের এক হাজার ৮শ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলায় ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৫শ শিক্ষার্থীর জন্য শিক্ষাবর্ষের দ্বিতীয় পর্যায়ে এই উপহার বিতরণ করা হলো। অনুষ্ঠানটিতে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাম্মা, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, শিশুস্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা হায়াতুন আলম, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, পঞ্চগড় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবীব এবং শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিশুস্বর্গের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিশুস্বর্গের শীত আনন্দ উৎসবে কিন্ডারগার্টেন, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। শিশুস্বর্গ ফাউন্ডেশন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা ও উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন প্রতিবছরের মতো পঞ্চগড় জেলার ৭ হাজার ৫শ শিশু-কিশোরকে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার দিচ্ছে।

শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আহমেদ আকন্দ বলেন, “২০১০ সালে দেশের উত্তরের প্রান্তিক উপজেলা তেঁতুলিয়া সদরের দর্জিপাড়া সীমান্ত ঘেষা এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলগামী করতে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করা হয়। তখন থেকে আমাদের শিক্ষাবৃত্তিতে ৬৫ জন শিক্ষার্থী পড়ছে, যাদের মধ্যে ২৫ জন বর্তমানে দেশের নামদামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।”

তিনি আরও জানান, শিশুস্বর্গ ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ ছাড়াও শিক্ষাবৃত্তি, স্বল্প শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, নারীদের স্বনির্ভরতা গড়ে তোলা, শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণ, মাধ্যমিক স্কুল হিসেবে রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যালয় চালু, পাঠাগার ও নারী উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে।

আরও খবর

Sponsered content