প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১:০২:৩২ প্রিন্ট সংস্করণ
চুলে বেলি ফুলের গাজরা, পরনে গোলাপি পাড়ের অফহোয়াইট শাড়ি, মুখজুড়ে মিষ্টি হাসি। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনও আবার চুলের ফুল ঠিক করছেন। ঐতিহ্যবাহী বাঙালি সাজে এভাবেই ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শারদীয় দুর্গাপূজার আবহে প্রকাশ করা তার নতুন ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের।
গতকাল শুক্রবার দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন জয়া। উৎসবের আমেজে বাঙালির চিরচেনা সাজে ধরা দিয়ে ভক্তদের জানালেন শারদীয় শুভেচ্ছা।
ভিডিওর সঙ্গে জয়া লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে আবহ হিসেবে ব্যবহার করা হয়েছে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুরের সঙ্গে জয়ার সাবলীল উপস্থিতি তৈরি করেছে নস্টালজিক এক আবহ, যা ভক্তদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে।
অভিনয়ের পাশাপাশি পোশাক ও সাজসজ্জার বৈচিত্র্য দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন জয়া আহসান। কখনও আধুনিক সাজে, কখনও বাঙালির ঐতিহ্যবাহী পোশাকে নিজের স্বতন্ত্র রুচির পরিচয় দেন তিনি। এবার শারদীয় উৎসবে তার এই স্নিগ্ধ সাজও ভক্তদের নজর কেড়েছে।





















