প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ২:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রার্থী ঘোষণার এই তালিকায় রয়েছে নারায়ণগঞ্জের দুটি আসন। নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এদিকে নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণার মধ্যে দলটির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হবে বলে জানিয়েছেন ঘোষিত প্রার্থীদের কর্মী সমর্থকরা।
এদিন এনসিপির দলীয় কার্যালয়ে নারাণয়গঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিনের নাম ঘোষণা করা হয় । এই আসনে শুরু থেকে এই নেতার নাম শোনা যাচ্ছিল। আসনটিতে তিনি ছাড়া অন্য কোনো এনসিপির নেতা বা মনোনয়ন প্রত্যাশী কেউ ফরম কিনেন নাই। যার কারণে এক রকম নিশ্চিতই ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির পক্ষ থেকে আল-আমিনের মনোনয়ন।
অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আহমেদুর রহমান তনুর মনোনয়নও এক রকম নিশ্চিত ছিল বলে জানা যায়। এই আসনে অপর মনোনয়ন প্রত্যাশীর নাম দলটির দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী।
বুধবার ঘোষিত প্রথম পর্যায়ের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ থেকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনুর নাম ঘোষণা করা।
এদিকে নারায়ণগঞ্জের বাকি তিনটি আসনে পরের ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।















