রাজনীতি

হাতিয়ার ফেরির ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্তের রাজনীতি করছে: আবু হানিফ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৬:৩৬:৪১ প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর হাতিয়ার ফেরির ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্তের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আবু হানিফ তার পোস্টে লেখেন, ‘নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নেওয়ার জন্য মাঝনদী থেকে ফেরি ফিরিয়ে আনার অভিযোগ নতুন করে রাজনৈতিক ও নৈতিকতার প্রশ্ন তুলেছে। শনিবার (১১ জুলাই) চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরিটি বৈরী আবহাওয়ার মধ্যেই প্রায় ২০ মিনিট চলার পর আবার ঘাটে ফিরে আসে। ফেরির মেরিন ইঞ্জিনিয়ারও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এতে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। হাতিয়ায় ফেরি চলাচল শুরুর পর এমন ঘটনা এই প্রথম বলেও জানা গেছে।’

তিনি লেখেন, ‘একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত সুবিধার জন্য এমন কাজ শুধু যাত্রীদের দুর্ভোগই বাড়ায়নি, বরং রাষ্ট্রীয় সেবাকে ব্যক্তিস্বার্থে ব্যবহারের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছে। জনগণ পরিবর্তনের রাজনীতি চায়, ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি নয়। আবদুল হান্নান মাসউদকে ঘিরে এর আগেও বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এনসিপির আরও কয়েকজন নেতার বিরুদ্ধেও বিভিন্ন সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে।এমন ধারাবাহিক বিতর্ক একটি রাজনৈতিক দলের ভাবমূর্তিকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র লেখেন, ‘এনসিপি বারবার ‘‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’’-এর কথা বলছে। কিন্তু বাস্তবে তাদের নেতাদের কর্মকাণ্ডে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি, বিশেষ সুবিধা গ্রহণের মানসিকতা, প্রতিপক্ষের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং দ্বৈত মানদণ্ডের চর্চাই দেখা যায়।ফলে জনগণ স্বাভাবিকভাবেই প্রশ্ন করছে নতুন বন্দোবস্তটি কোথায়? বরং হাতিয়ার ফেরির ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্তের রাজনীতি করছে।জনগণকে নতুন রাজনৈতিক বন্দোবস্তোর কথা বলে ধোঁকা দিচ্ছে এনসিপি।’

আবু হানিফ লেখেন, ‘রাজনীতিতে পরিবর্তনের দাবি শুধু বক্তৃতা বা স্লোগানে নয়, আচরণ ও সিদ্ধান্তে প্রতিফলিত হতে হয়। জনগণ এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করে, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান, রাষ্ট্রীয় সেবা ব্যক্তির পদমর্যাদা দেখে পরিচালিত হয় না এবং ক্ষমতা নয়, জবাবদিহিতাই রাজনীতির মূলভিত্তি হয়।’

তিনি আরও লেখেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তখনই বিশ্বাসযোগ্য হবে, যখন তার প্রতিফলন নেতাদের প্রতিটি কাজে দেখা যাবে। অন্যথায় জনগণের কাছে এটি কেবল পুরোনো রাজনীতির নতুন মোড়ক বলেই প্রতীয়মান হবে।’

আরও খবর

Sponsered content