সারাদেশ

ফেনীতে সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে নাগরিক শোকসভা

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ১৩ জুন ২০২৬ , ১০:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

ফেনী রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে এ শোকসভার আয়োজন করা হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) নুরুল আমীন খান এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম।

বক্তারা বলেন, ওসমান হারুন মাহমুদ দুলাল ছিলেন ফেনীর সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনস্বার্থ রক্ষার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখতেন। তাঁর সততা, মানবিকতা, পেশাদারিত্ব এবং সত্য প্রকাশে আপসহীন অবস্থান তাঁকে সবার কাছে সম্মানিত করে তুলেছিল।

বক্তারা আরও বলেন, ফেনীর সাংবাদিক সমাজে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। সাংবাদিকতার মানোন্নয়ন, নতুন প্রজন্মের সাংবাদিকদের দিকনির্দেশনা এবং পেশাগত মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জেলার সংবাদমাধ্যম অঙ্গন একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।

শোকসভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান এবং ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, শুকদেব নাথ তপন ও এনামুল হক পাটোয়ারী।

এছাড়া বক্তব্য দেন ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, মরহুমের মামাতো ভাই নাসির উদ্দিন হায়দার সাইমুন, সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী, সহকর্মী আক্তার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, ইউনিটির নির্বাহী সদস্য নুরউল্লাহ কায়সার, কোষাধ্যক্ষ শফিউল্লাহ রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ নিলয়।

অনুষ্ঠানে মরহুমের একমাত্র ছেলে রুত্থান মাহমুদ তার পিতার স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য দেন, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

শোকসভা শেষে মরহুম ওসমান হারুন মাহমুদ দুলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ফেনী কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন।

আরও খবর

Sponsered content