রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৫:৪৩:৫৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নাম ঘোষণার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া বিক্ষোভে টায়ারে আগুন দিয়ে রাস্তা অবরোধ করলে পার্বতীপুর থেকে সৈয়দপুর, দিনাজপুর, ফুলবাড়ী ও রংপুরগামী সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে পার্বতীপুরে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের রেল হেড অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি সরবরাহও সকাল ৯টা থেকে বন্ধ থাকে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। নতুনবাজার কাপড় মার্কেট, স্বর্ণপট্টি, মনিহারিপট্টিসহ আশপাশের অনেক দোকানপাটও বন্ধ ছিল।
বিক্ষোভকারীদের দাবি, প্রথম দফায় আসনটি স্থগিত রাখার পর ৪ ডিসেম্বর ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নাম ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ–মানববন্ধন–সমাবেশ করে আসছেন। বুধবার রাতে মাইকিং করে সকাল–সন্ধ্যা অবরোধের ঘোষণা দেওয়া হয়।
খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবুসহ অঙ্গ–সহযোগী সংগঠনের নেতারা। তাঁরা প্রার্থী পরিবর্তন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রস্তুত রয়েছে।















