প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৬ , ১১:৩২:১৬ প্রিন্ট সংস্করণ
বলিউডে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে পুরোনো কোনো মন্তব্য বা বক্তব্য নতুন করে সামনে এলেই শুরু হয় নানা জল্পনা। এবার তেমনই এক ঘটনায় আলোচনায় উঠে এসেছে সানি দেওল ও শাহরুখ খানের নাম।
সম্প্রতি এক পডকাস্টে সানি দেওল জানিয়েছেন, তামাকজাত কোনো পণ্যের বিজ্ঞাপনে তিনি কখনোই যুক্ত হতে চান না। তার ভাষ্য, এমন অনেক বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও নিজের বিশ্বাসের সঙ্গে মেলে না এমন কোনো কাজ করতে রাজি নন তিনি।
সানি স্পষ্ট করে বলেন, গুটখা বা পানমশলাকে প্রচার করার মতো পণ্য বলে মনে করেন না তিনি। এসব পণ্যের প্রচারকে ভালো কাজ বলেও মনে করেন না অভিনেতা। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার বিবেকেও বাধা দেয় বলে জানান তিনি।
সানির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে বলিউডের একাধিক জনপ্রিয় তারকার যুক্ত থাকার বিষয়টি নিয়ে অতীতেও বিতর্ক হয়েছে। ফলে নেটিজেনদের একাংশের প্রশ্ন সানির এই মন্তব্য কি পরোক্ষভাবে শাহরুখ খানকে উদ্দেশ্য করে বলা?
এমন প্রশ্নের পেছনে রয়েছে দুই অভিনেতার পুরোনো সম্পর্কের গল্প। ‘ডর’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সানি ও শাহরুখ। সিনেমাটিতে শাহরুখের অভিনয় ব্যাপক প্রশংসা পেলেও সানির চরিত্রটি তুলনামূলকভাবে আড়ালে চলে যায়। বিষয়টি তখন ভালোভাবে নেননি সানি। এরপর দীর্ঘ সময় একসঙ্গে পর্দায় দেখা যায়নি দুই তারকাকে।
তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব অনেকটাই কমেছে বলে জানিয়েছিলেন সানি নিজেই। তার দাবি, শাহরুখের সঙ্গে বহু আগেই সম্পর্ক স্বাভাবিক হয়েছে এবং কোথাও দেখা হলে তারা স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেন। তবুও সানির সাম্প্রতিক মন্তব্য সামনে আসার পর পুরোনো সেই সম্পর্কের গল্পই আবার টেনে আনছেন নেটিজেনরা। সত্যিই কি শাহরুখকে ইঙ্গিত করেই এই মন্তব্য, নাকি এটি শুধুই সানির ব্যক্তিগত মতামত তা নিয়ে অবশ্য এখনো কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।















