বিনোদন

বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পদক্ষেপ

  মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার: ২৭ আগস্ট ২০২৫ , ৪:১৮:৫৪ প্রিন্ট সংস্করণ


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে বান্দরবান জেলায় সব অবৈধ ও অননুমোদিত ইটভাটা বন্ধ রাখার কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে।

মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারকে জানানো হয়েছে, কাঠ ও বনজদ্রব্য ব্যবহার করে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এতে শুধু বায়ুদূষণ নয়, পার্বত্য অঞ্চলের বনভূমি ও জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে।

প্রশাসন জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে মোটা অঙ্কের জরিমানা এবং প্রয়োজনে ফৌজদারি মামলা।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, অবৈধ ইটভাটার কারণে পাহাড়ি এলাকায় বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের পাশাপাশি উদ্ভিদ ও প্রাণীকুলের জন্যও মারাত্মক হুমকি তৈরি করছে।

স্থানীয় পরিবেশবাদীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সিদ্ধান্তটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বান্দরবানের পাহাড়, বনভূমি ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকবে।

উল্লেখ্য, এ সংক্রান্ত সচেতন সাংবাদিকতার অংশ হিসেবে গত ১২ মে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া।

আরও খবর

Sponsered content