বিনোদন

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১১:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ইতালির মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নার। সম্প্রতি তাদের বিয়ে ও মধুচন্দ্রিমা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

গত ৩১ মে লন্ডনের ওল্ড ম্যারিলিবোন টাউন হলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন ৩০ বছর বয়সী দুয়া লিপা এবং ৩৬ বছর বয়সী ক্যালাম টার্নার। এরপর ৬ জুন ইতালির সিসিলিতে অবস্থিত ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরায় আয়োজন করা হয় তাদের দ্বিতীয় ও বর্ণাঢ্য বিবাহোৎসব।

বিয়ের উৎসবের পর বর্তমানে ইতালির দক্ষিণাঞ্চলে মধুচন্দ্রিমা উপভোগ করছেন এই নবদম্পতি। আমালফি উপকূলের সালার্নোসহ বিভিন্ন সমুদ্রতীরবর্তী এলাকায় তাদের একান্ত মুহূর্তের বেশ কিছু ছবি ইতোমধ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।

পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিকে মধুচন্দ্রিমার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার পেছনে রয়েছে ব্যক্তিগত আবেগ। দম্পতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুয়া ও ক্যালামের কাছে ইতালি সবসময়ই বিশেষ একটি জায়গা। সম্পর্কের বিভিন্ন সময়ে তারা দেশটির নানা অঞ্চলে একসঙ্গে স্মরণীয় সময় কাটিয়েছেন। তাই বিয়ের পর নতুন স্মৃতি যোগ করতেও ইতালিকেই বেছে নিয়েছেন তারা।

সূত্রটি আরও জানায়, তাদের মধুচন্দ্রিমা কাটছে বেশ স্বস্তিদায়ক ও রোমান্টিক পরিবেশে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, দীর্ঘ সময় একসঙ্গে কাটানো এবং নিরিবিলি উপকূলীয় শহরগুলো ঘুরে দেখার মধ্য দিয়েই কাটছে তাদের দিনগুলো। ইতালির তাওরমিনা ও আশপাশের এলাকাতেও তাদের দেখা গেছে।

এদিকে লন্ডনে অনুষ্ঠিত প্রথম বিবাহ অনুষ্ঠানের পর দুয়া লিপার ঘনিষ্ঠ একজন জানান, ব্যক্তিগত জীবন নিয়ে গায়িকা এখন অত্যন্ত সুখী। ছোট পরিসরের সেই আয়োজনটি ছিল তাদের ইচ্ছামতো ব্যক্তিগত ও অর্থবহ। অন্যদিকে ইতালির বড় আয়োজনে বন্ধু ও স্বজনদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতে চেয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয়। পরে একই বছরের মাঝামাঝি সময়ে তারা নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। দীর্ঘ জল্পনা-কল্পনার পর গত বছরের জুনে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন দুয়া লিপা। অবশেষে সেই সম্পর্কই পৌঁছেছে বিবাহের পরিণতিতে।

আরও খবর

Sponsered content