প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৮:২৯:০৭ প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে তৈরি একটি বিকৃত ও ডিপফেক ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে তার অভিনীত জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’র ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবরা: পার্ট ১’ সিনেমার গান ‘চুট্টামল্লে’। গানটিতে জাহ্নবী ও জুনিয়র এনটিআরকে দেখা গেছে।
সম্প্রতি এটির একটি বিকৃত এআই-নির্মিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
শনিবার (৩ অক্টোবর) ওই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বিবৃতি দেন জুনিয়র এনটিআর।
শুরুতেই তিনি লেখেন, ‘অসহ্য, জঘন্য, নির্লজ্জ।’
অভিনেতার ভাষ্য, যে দেশে নারীদের মা ও দেবী হিসেবে সম্মান করার সংস্কৃতি রয়েছে, সেখানে এআই ব্যবহার করে একজন নারীকে এভাবে অসম্মান করা অত্যন্ত নিন্দনীয়।
এ ধরনের বিকৃত কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে এনটিআর বলেন, এই ধরনের কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এরপরই ভিডিওটি তৈরির সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন তিনি। জানান, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
একই সঙ্গে সাধারণ মানুষকে এমন কোনো কনটেন্ট না দেখা ও শেয়ার না করার আহ্বান জানিয়েছেন এনটিআর। তিনি সতর্ক করে বলেন, আজ এমন ঘটনা অন্য কারও সঙ্গে ঘটছে; আগামীকাল একই ঘটনা আপনার মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের সঙ্গেও ঘটতে পারে।
এআইয়ের অপব্যবহার বন্ধে ভারতের কেন্দ্রীয় ও সব রাজ্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা। তার মতে, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এ ধরনের কনটেন্ট ঠেকাতে আরও কঠোর নিয়ম প্রয়োজন।
এনটিআরের বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে তারকাদের ডিপফেক-ঝুঁকি। এর আগেও রাশমিকা মান্দানা, ওয়ামিকা গব্বীসহ একাধিক অভিনেত্রীর ছবি ও ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। বিভিন্ন সময়ে তারকারা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন।
এদিকে ‘চুট্টামল্লে’ গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্র এবং গানটি গেয়েছেন শিল্পা রাও। তেলুগু সংস্করণের পাশাপাশি গানটির হিন্দি সংস্করণ ‘ধীরে ধীরে’ নামে প্রকাশিত হয়। তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষাতেও গানটি মুক্তি পেয়েছে।
‘দেবরা: পার্ট ১’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর।















