বিনোদন

৮ বছর আগেই ভেঙেছে মীমের সংসার

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ১:১২:৩৩ প্রিন্ট সংস্করণ

নব্বই দশকে শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন সাবরিন সাকা মীম। পরবর্তীতে প্রতিভা দিয়ে জায়গা করেন নাট্যাঙ্গনেও। ব্যক্তিজীবনে প্রায় ১৪ বছর আগে ডা. শাহরিয়ার আহমেদ সজিবের সঙ্গে ঘর বাঁধেন মীম। কিন্তু সেই সংসার ভেঙে গেছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সংসার ভাঙার ৮ বছর পর বিবাহবিচ্ছেদের আদ্যোপান্ত জানালেন তিনি।

সংগীতশিল্পী পুতুলের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মীম বলেন, ‘একটা বয়সের পর মেয়েদের মনে হয়, বিয়ে যেহেতু করতেই হবে, তাহলে এভাবে বিয়ে করব, এরকম অনুষ্ঠান করব, এভাবে সাজব। আমার মনে হয়, যারা বিয়ে নিয়ে একবার হলেও ভেবেছেন, তাদের মনেই এমন ছোট ছোট স্বপ্ন বাসা বেঁধেছে। আমিও আমার বোনকে বিয়ে নিয়ে স্বপ্নের কথা বলতাম। পরে বিয়ের সময়ে আমার আম্মুকে দিয়ে আমার বোন সব আয়োজন করিয়েছিলেন।’

বলা দরকার, ২০১২ সালের ৭ ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বেশ ধুমধাম করে বিয়ে করেন মীম। বিয়ের পর অভিনয় থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নেন। কারণ মীমের শ্বশুরবাড়ির লোকজন চাইতো না তিনি শোবিজের সঙ্গে যুক্ত থাকুক।

সংসার ভাঙার পেছনে কী এটাই কারণ? এ প্রশ্নের জবাবে মীম বলেন, ‘আপনি হয়তো গান পছন্দ করেন, আরেকজনের গান নাই পছন্দ হতে পারে। আমি অভিনয় পছন্দ করি, একটা মানুষের অভিনয় নাও ভালো লাগতে পারে। এসব কোনো বিষয় না। এছাড়াও আরও অনেক ইস্যু ছিল, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে সেগুলো আরো খারাপের দিকে যাচ্ছিল।’

 

তিনি আরও বলেন, ‘আমি কাউকে দোষ দেব না। হয়তো আমিও দোষী, হয়তো সেও (বর) দোষী, যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমিও যখন বুঝতে পারলাম- না, এটা আসলে হচ্ছে না। আমি সাড়ে ৫ বছর অপেক্ষা করেছি। কারণ, কখনো যেন মনে না হয় সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করিনি। ২০১৮ সালের ৭ জুন, বিচ্ছেদের পেপারে সাইন করি।’

মীম বলেন, ‘আসলে মানুষের জীবন তো মানুষের হাতে লেখা না, এটা আমি বিশ্বাস করি। আমি বিয়ে করেছি, অন্যান্য মেয়ে যেমন চিন্তা করে বিয়ে করেন, আমিও তাই করেছি। সবকিছু সুন্দর মতো চলবে, সেই চেষ্টাও ছিল। নিশ্চয়ই আমার পার্টনারেরও সেই চেষ্টা ছিল। কিন্তু যেকোনোভাবেই সংসারটা টিকল না।’

সম্পর্কে আস্থা হারিয়েছেন এই অভিনেত্রী। গত ৯ বছরে নতুন করে ঘর বাঁধার সাহস করেননি মীম।

উল্লেখ্য, শৈশবে গানের অনুষ্ঠান দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখলেও ১৯৯২ সালে বিটিভির নাটকে অভিনয় শুরু করেন। পরিণত বয়সে নাটকের প্রধান নারী চরিত্রে দেখা যায় তাকে। প্রায় ১৮ বছর মিডিয়ায় কাজ করার পর নিজেকে গুটিয়ে নেন মীম। ২০১২ সালে সর্বশেষ তাকে নাটকে দেখা যায়। পরে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করলেও অভিনয়ে আর ফেরেননি এই অভিনেত্রী।

আরও খবর

Sponsered content