বিনোদন

প্রকাশ হচ্ছে ২০ গান নিয়ে অ্যালবাম

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১২:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। বিশেষ এদিন উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া ব্যান্ড সংগীতের এই কিংবদন্তিকে ট্রিবিউট করে বান্দরবানে আয়োজন করা হয়েছে কনসার্ট।

জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে থাকছে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘চলো বদলে যাই’, হাসতে দেখো’, ‘ঘুমন্ত শহরে’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি এই মন’, ‘বাংলাদেশ’, ‘মন চাইলে মন’র মতো জনপ্রিয় গান। আর এগুলো গেয়েছে ব্যান্ড দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন, এ কে রাহুল, সংগীতশিল্পী বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। ‘উত্তরাধিকার’ অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। অনলাইনের পাশাপাশি সিডি আকারেও প্রকাশ করা হবে অ্যলবামটি।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ করা হচ্ছে ‘উত্তরাধিকার’ অ্যালবামটি। এই অ্যালবাম থেকে পাওয়া অর্থ ব্যয় হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।

এ প্রসঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান আইয়ুব বাচ্চু স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরাধিকার অ্যালবামটি করা হয়েছে। অ্যালবাম প্রকাশ উপলক্ষে আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে মোড়ক উন্মোচনের পাশাপাশি অ্যালবামটি সম্পর্কে জানানো হবে। আইয়ুব বাচ্চুর গানগুলো যারা নতুন করে গেয়েছেন, তারাও থাকবেন সম্মেলনে। সেখানে জানানো হবে অ্যালবাম তৈরির গল্প, আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন ও মিউজিয়াম নিয়ে পরিকল্পনার কথা।’

এদিকে, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ‘আ ট্রিবিউট টু আইয়ুব বাচ্চু কনসার্ট’ শিরোনামের কনসার্টের আয়োজন করা হয়েছে বান্দরবানে। আয়োজন করেছে দ্য ব্যান্ড মিউজিক অব বান্দরবান। বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। পারফর্ম করবে স্থানীয় ১০টি ব্যান্ড। গান শোনাবে ব্যান্ড টিউন বার, এফএম, নির্বাক, হার্টবিট, কনসেনসাস, লিউমিনাস ভোয়েড, ষড়ঋতু, নাইনটিজ বয়েজ ও আনকাউন্ড। স্থানীয় ব্যান্ডগুলোর সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহকর্মী এলআরবি ব্যান্ডের ড্রামার রোমেলের ব্যান্ড। কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

আরও খবর

Sponsered content