প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ১২:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গতকাল বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় অভিনেতার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।
ঢাকার বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সব সময় সবার জন্য দোয়া করি।’
‘নিরাপদ সড়ক চাই’র ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ জানান, আগামী ১৪ আগস্টের আগেই ইলিয়াস কাঞ্চনকে আবার লন্ডনে ফিরতে হবে। কারণ ১৫ আগস্ট তার পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা নির্ধারিত রয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত এক বছরে ৬০টি কেমোথেরাপি নিয়েছেন। এতদিন চিকিৎসা চললেও অভিনেতার আশানুরূপ উন্নতি হয়নি।
এদিকে, গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে ছিলেন ইলিয়াস কাঞ্চন। সেখানে হাসপাতালের পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন। দীর্ঘ এই চিকিৎসার সময় পরিবারের সদস্যরা নিয়মিত তার পাশে ছিলেন।
আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। পরবর্তী পরীক্ষায় তার ব্রেন ক্যানসার ধরা পড়ে।
অস্ত্রোপচারের পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও দুই ধাপে ওরাল থেরাপি সম্পন্ন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ সপ্তাহের নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। পরবর্তী ধাপের চিকিৎসাসহ সব মিলিয়ে প্রায় ১০০টির মতো কেমোথেরাপি নিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
চিকিৎসার বড় একটি ধাপ শেষ করে দেশে ফিরলেও তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানা গেছে।















