বিনোদন

দ্বিতীয় বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ গোবিন্দ

  প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ১:১৪:৫৩ প্রিন্ট সংস্করণ

বলিউড অভিনেতা গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপকে কেন্দ্র করে অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি এবার আর চুপচাপ মেনে নিতে রাজি নন গোবিন্দ। গুজব ছড়ানো ব্যক্তি ও প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গোবিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, তার কণ্ঠস্বর, ছবি, পরিচয় কিংবা তার ও পরিবারের ব্যক্তিগত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি, বিকৃত বা ব্যবহারের অনুমতি তিনি কাউকে দেননি।

আইনি নোটিশে বলা হয়েছে, অভিনেতার পরিচয় বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে মিথ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত কোনো কনটেন্ট তৈরি ও প্রচার করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এর মধ্যে মানহানি, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, পরিচয়ের অপব্যবহার এবং সাইবার অপরাধসংক্রান্ত আইনও প্রযোজ্য হতে পারে।

গোবিন্দের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি কিংবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি দুই ধরনের মামলাও করা হতে পারে। এমনকি ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ ১০০ কোটি রুপি দাবি করার কথাও জানানো হয়েছে।

প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে নির্দেশনা, সম্পত্তি লেনদেনে নিষেধাজ্ঞা কিংবা পাসপোর্টসংক্রান্ত ব্যবস্থা নেওয়ার মতো আইনি প্রতিকার চাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা এবং অভিনেত্রী রাখি সাওয়ান্তের কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই মূলত নতুন করে এই আলোচনা শুরু হয়।

ওই ফোনালাপে সুনীতাকে বলতে শোনা যায়, দীর্ঘ সময় ধরে তিনি অনেক কিছু নিয়ে নীরব ছিলেন। কয়েক বছর ধরে বিষয়গুলো সহ্য করার পর এবার তার জায়গায় অন্য একজনকে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি একটি হোটেল থেকে তাঁর কাছে ফোন আসার কথাও উল্লেখ করেন সুনীতা। এই কথোপকথন প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে গোবিন্দের দ্বিতীয় বিয়ে নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে এসব দাবির সত্যতা নিয়ে কোনো নিশ্চিত তথ্য না থাকলেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এবার সেই গুঞ্জন ও ডিজিটাল কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন গোবিন্দ। তার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তার ব্যক্তিগত পরিচয় ও পরিবারের বিষয় নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে আইনি পথেই তার মোকাবিলা করা হবে।

আরও খবর

Sponsered content