বিনোদন

আর্জেন্টিনার হারে ‘আইসিইউ’তে চলে গিয়েছিলেন অমিতাভ!

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ১২:০১:৪১ প্রিন্ট সংস্করণ

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের একটি রহস্যময় ব্লগ পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উদ্বেগ। মাঝরাতে দেওয়া সেই পোস্টে অস্ত্রোপচার, আইসিইউ এবং হাসপাতাল থেকে বাড়ি ফেরার কঠিন লড়াইয়ের কথা লিখেছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা জল্পনা অমিতাভ বচ্চন কি গুরুতর অসুস্থ? তাকে কি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল? এমনকি তার অস্ত্রোপচার হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত এসব জল্পনায় নিজেই ইতি টেনেছেন অমিতাভ বচ্চন। জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার লেখা পোস্টটি তার নিজের শারীরিক অবস্থাকে ঘিরে ছিল না। পুরো বিষয়টি ছিল একটি রূপক।

সংবাদমাদ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, ঘটনার সূত্রপাত বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর। নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, কীভাবে একজন চ্যাম্পিয়ন পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন। সেই কঠিন সময়কে তিনি আইসিইউ থেকে হাসপাতাল ছাড়ার পর বাড়ি ফেরার লড়াইয়ের সঙ্গে তুলনা করেছিলেন। তবে তার লেখায় ফুটবল, আর্জেন্টিনা বা লিওনেল মেসির নাম সরাসরি উল্লেখ না থাকায় অনেকেই বিষয়টি ভুলভাবে বুঝেছিলেন। ফলে অমিতাভের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

পরে এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে বিগ বি জানান, তিনি ভালো আছেন। তার কোনও অস্ত্রোপচার হয়নি এবং তিনি আইসিইউতেও ভর্তি ছিলেন না।

অমিতাভ বলেন, একজন বিশ্বজয়ী চ্যাম্পিয়ন যখন বড় কোনো পরাজয়ের মুখোমুখি হন, তখন সেই ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা অত্যন্ত কঠিন। তিনি আসলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির মতো চ্যাম্পিয়নদের মানসিক অবস্থার কথাই বোঝাতে চেয়েছিলেন। কিন্তু তার লেখাকে অনেকেই নিজের অসুস্থতার বর্ণনা হিসেবে ধরে নেন।

ব্লগ পোস্টে অমিতাভ মূলত বোঝাতে চেয়েছিলেন, পরাজয়ের পরও যারা লড়াই চালিয়ে যান, তারাই প্রকৃত বিজয়ী। জীবনের কঠিন সময় পেরিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তিই একজন চ্যাম্পিয়নের আসল পরিচয়।

কাজের ব্যস্ততাতেও অবশ্য কোনো ভাটা পড়েনি অমিতাভ বচ্চনের। ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’-এর পর তাকে আবার দেখা যাবে জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালকের আসনে। ফলে অনুরাগীদের আপাতত উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বিগ বি নিজের কাজ নিয়েই ব্যস্ত এবং ভালো আছেন।

 

আরও খবর

Sponsered content