সারাদেশ

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল কাদির আর নেই

  রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১১:৩৭:৩০ প্রিন্ট সংস্করণ

 

পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ–এর পার্বতীপুর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল কাদির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি। পরে জানা যায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলার কোদালকাঠিচর ইউনিয়নে জন্ম নেওয়া আবদুল কাদির দীর্ঘদিন ধরে পার্বতীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধুপিপাড়া মহল্লায় বসবাস করছিলেন। তিনি ৪ পুত্র, ২ কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্রাদার্স লাইব্রেরি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্বতীপুর শাখার স্বত্বাধিকারী ছিলেন। সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার কারণে সহকর্মী, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

১৯৮০–এর দশকে সাংবাদিকতা জীবন শুরু করা আবদুল কাদির সর্বশেষ দৈনিক কালের কণ্ঠ–এর পার্বতীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আসন্ন পার্বতীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে পার্বতীপুর প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শনিবার বাদ আসর শহীদ ময়দানে জানাজা শেষে তাঁকে পার্বতীপুরের আব্বাসপাড়া কবরস্থানে দাফন করা হয়। তাঁর প্রয়াণে পার্বতীপুরের সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content