সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী ধানের শীষের প্রার্থী এম এ মান্নান

  শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০০:০১ প্রিন্ট সংস্করণ

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে মাত্র ৭৬৬ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেনকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাড. এম এ মান্নান বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মো. আব্দুল মান্নান (ধানের শীষ) ৮৪ হাজার ৭৬১টি ভোট, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন (ফুটবল) ৮৩ হাজার ৯৯৫টি ভোট, ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিশের মুফতী আমজাদ হোসাইন আশরাফী (রিকশা) ৫৭ হাজার ৭৪৯টি ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম নজু (হাতপাখা) ২০ হাজার ৫৮৮টি ভোট, জাতীয় পার্টির কামরুল হাসান (লাঙ্গল) ৩৬৮টি ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র মো. শাহীন খান (কাস্তে) ৩৫৪টি ভোট, গণসংহতি বাংলাদেশের নাহিদা হাসান (মাথাল) ২৫৯টি ভোট এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৬টি ভোট পেয়েছেন।

২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তর এ আসনের মোট ১৫৪টি ভোট কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে ৫৪.৫৮ শতাংশ। নবীনগর উপজেলার মোট ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭৬২টি। এরমধ্যে ভোট বাতিল হয়েছে ৬ হাজার ৪৩২টি । ফলে, প্রদত্ত ভোটের মধ্য থেকে ২ লাখ ৪৮ হাজার ৩৩০টি ভোট বৈধ বলে গণ্য করা হয়।

নির্বাচিত হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মো. আব্দুল মান্নান নবীনগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

অপরদিকে এ আসনে গণভোটে ১৫৪টি কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে ৫৩.২৫ শতাংশ। গণভোটে প্রদানকৃত মোট ভোটের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৮৫০টি। ভোট বাতিল হয়েছে ৩১ হাজার ২৬৬টি এবং বৈধ ভোট ২ লক্ষ ২১ হাজার ৫৮৪টি। ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ২৩৫টি এবং ‘না’ ভোটের সংখ্যা ৫৭ হাজার ৩৪৯টি।

আরও খবর

Sponsered content