সারাদেশ

ফের ডুবল ঝুলন্ত সেতু, নিষেধাজ্ঞার পরও সেলফি তুলছেন পর্যটকরা

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ , ৮:২৪:০৮ প্রিন্ট সংস্করণ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে আবারও ডুবে গেছে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুটি। গতকাল শুক্রবার সেতুটিতে পানি ওঠা শুরু হয় এবং বর্তমানে সেতুটির কাঠের পাটাতন প্রায় ৪ ইঞ্চি পানির নিচে ডুবে গেছে। তবে সেতুর পাঠাতন ডুবে থাকলেও পর্যটকরা ডুবন্ত সেতুটিতে পারাপারের মাধ্যমে আনন্দ উপভোগ করছেন।

আজ শনিবার দুপুরে ঝুলন্ত সেতুতে সরেজমিনে দেখা গেছে, পর্যটকরা জুতা-স্যান্ডেল খুলে ৪ ইঞ্চি পানির নিচে ডুবে থাকা সেতুর এপার থেকে ওপারে আসা-যাওয়া করছেন। পর্যটকরা কেউ উঠছেন, কেউ নামছেন, কেউ দাঁড়িয়ে আছেন। ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তা মানছেন না পর্যটকরা। ঝুঁকিপূর্ণ জেনেও সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলছেন অনেকেই।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল গণিসহ ছয়জন খাগড়াছড়ি থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছেন। মো. গণি বলেন, ‘সেতুর পাটাতন ডুবে আছে। জুতা খুলে সেখানে উঠতে ইচ্ছে হচ্ছে না। বহুদিন পর সেতুটি দেখতে এসেছিলাম কিন্তু পানিতে ডুবে থাকায় আর ওপারে যাওয়া সম্ভব হল না।’

একই অভিজ্ঞতার কথা জানান চট্টগ্রামের বাসিন্দা পর্যটক মাহমুদ হাসান রিফাত। তিনি বলেন, ‘রাঙামাটির এই ঝুলন্ত সেতু দেখতে আগেও এসেছি। এখন পানিতে ডুবে থাকায় সেখানে উঠা হলো না। আমরা প্রায়ই আছি। খুবই ভাল লাগে। সেতুটি রাঙামাটির প্রধান আকর্ষণ।’

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে গতকাল সকালে সেতুটির পাটাতনে পানি উঠে। আজ দুপুর পর্যন্ত ৪ ইঞ্চি পানির নিচে ডুবে আছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সেতুতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাজ্ঞা না মেনে ঝুঁকি নিয়ে সেতুতে উঠছেন। পারাপার হচ্ছেন। আশা করছি খুব দ্রুতই হ্রদের পানি কমে যাবে।’

আরও খবর

Sponsered content