প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১:৫৯:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
আগামী করবর্ষ (২০২৫–২৬) থেকে চার শ্রেণির করদাতা ছাড়া অন্য সব ব্যক্তির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (৩ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮(৪) অনুযায়ী ২০২৫–২৬ করবর্ষের জন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-রিটার্ন পোর্টাল (www.ctaxnbf.gov.bd) এর মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।
তবে চার শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন—
১. ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা,
২. শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে),
৩. বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক,
৪. মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা।
তবে ইচ্ছা করলে এই চার শ্রেণির করদাতাও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর-এর আদেশে আরও বলা হয়, যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে অক্ষম, তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত ও যৌক্তিক আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।





















