ফেনী প্রতিনিধি ২১ আগস্ট ২০২৫ , ১২:৫৬:৩১ প্রিন্ট সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ আর তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে, ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে এবং সকল দল-মতের প্রতিনিধিত্বের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সম্ভব হবে। জবাবদিহিতার অভাবেই দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হয়।”
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুইঁয়া।
পীর সাহেব চরমোনাই অভিযোগ করেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের ছায়া এখনো দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হয়নি; বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো ঘটনা বেড়েছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের পর মানুষ নতুন রাজনীতি চেয়েছিল, কিন্তু এখনও চাঁদাবাজদের ছত্রছায়ায় অপরাধ চলছে। বিএনপিকে তাদের কর্মীদের অপরাধের দায়ভার নিতে হবে।”
তিনি ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দাবিও জানান।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা গাজী এনামুল হক ভুইঁয়া বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেছিল। কিন্তু প্রতিহিংসা ও রাজনৈতিক দস্যুতা সেই প্রত্যাশাকে নষ্ট করছে। তিনি বলেন, “আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো।”















