প্রতিনিধি ৫ জুলাই ২০২৫ , ২:৫১:৪৩ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ রংপুরের পীরগাছায় পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।
আটককৃতরা হলেন—পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার আব্দুল মোন্নাফ (৩৪), হাসেম আলী (৩৫), গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মামুন মিয়া (৩০), বাদশা মিয়া (৩০) ও শহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য, যারা চুরি হওয়া মোটরসাইকেল সংগ্রহ, মজুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত।
ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, “উদ্ধারকৃত তিনটি মোটরসাইকেলসহ বর্তমানে থানায় মোট পাঁচটি মোটরসাইকেল হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের বৈধ কাগজপত্রসহ থানায় যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।















