প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ৪:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। তার এই বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মুক্তি পেয়েছে বিশেষ গান ‘নেতা আসছে’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও সালমান রাজ। প্রত্যাবর্তনের অপেক্ষা, আশা ও উচ্ছ্বাস গানের কথায় ফুটে উঠেছে; যেখানে নেতার ফিরে আসাকে ঘিরে মা, মাটি ও মানুষের কথা বলা হয়েছে।
লিখেছেন মিজানুর রহমান। পলক হাসান সুমনের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। পুরো প্রকল্পের গ্রন্থনা, পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছেন চিত্রনায়ক হেলাল খান। গানের কথাগুলোতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘মা মাটি ও মানুষের কাছে সূর্যসন্তানের ফিরে আসা’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
‘নেতা আসছে’ গানটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিকে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে গেছেন।











