রাজনীতি

মায়েদের ইজ্জতে টান দিলে বরদাশত করব না: জামায়াত আমির

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৬:২৫:৩৩ প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশে কোনো ভোট ডাকাতি দেখতে চাই না। ইনসাফ না থাকার কারণে দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে। বেগম পাড়া বানিয়েছে। এদেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না, নতুন পোশাকের ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও ৫ আগস্টের মতো হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুরে আদর্শ স্কুলমাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।’

জামায়াত আমির বলেন, ‘আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়ব।’

তিনি বলেন, ‘আমরা কিছু বন্ধুদের বলতে চাই, মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনও টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কিছু বরদাশত করব না।’

জামায়াতের এ নেতা বলেন, ১০ দলীয় জোটকে ভোট দেয়ার মানে চাঁদাবাজির বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট। এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবেন। সরকারি ট্যাক্সের বাইরে কিন্তু একটা ‘বেসরকারি ট্যাক্স’ আছে। রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও ওই ট্যাক্স নেয়া হয়। ওই ট্যাক্স বন্ধ করে দেয়া হবে ইনশাআল্লাহ, ট্যাক্স নামের কোনো চাঁদাবাজি আর চলবে না।

জামায়াত আমির বলেন, আমরা আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’ জয়যুক্ত করবে।

আরও খবর

Sponsered content