প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ , ১১:২৮:২৬ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, এই বৈঠকে বিএনপির শীর্ষ ও সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। আজকের বৈঠকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে নতুন রাষ্ট্রপতি বেছে নিতে জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট অনুষ্ঠিত হবে।
এদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী হচ্ছেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরই। দলের উচ্চপর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলকে ঘিরেই বিএনপির সব প্রস্তুতি।
তবে তিনি দেশের নতুন রাষ্ট্রপতি হলে একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ জায়গায় শূন্যতা তৈরি হবে। সেগুলো হচ্ছে- বিএনপি মহাসচিব পদ, স্থানীয় সরকার বিষয়কমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। ফলে কে হবেন তার উত্তরসূরি, এ নিয়ে চলছে নানা আলোচনা।





















