শিক্ষা ও শিক্ষাঙ্গন

জাককানইবিতে ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত

  মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: ২১ জুলাই ২০২৬ , ১২:০৮:২২ প্রিন্ট সংস্করণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার অন্যতম মানদণ্ড হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয় গবেষণায় যত এগিয়ে, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও সে বিশ্ববিদ্যালয় তত এগিয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয় তুলনামূলক নবীন হলেও গবেষণার ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের মাঝে অভিজ্ঞ ও গবেষণায় দক্ষ রিসোর্স পার্সনরা উপস্থিত রয়েছেন। তাঁদের দিকনির্দেশনা কাজে লাগিয়ে গবেষণা প্রকল্পগুলো আরও পরিশীলিত করতে হবে। গবেষণা প্রতিবেদনগুলো আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের চেষ্টা করতে হবে। ভালো জার্নালে প্রবন্ধ প্রত্যাখ্যাত হলেও তাদের পরামর্শ অনুসরণ করে পুনরায় জমা দিতে হবে। একজন গবেষকের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য ও অধ্যবসায়।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)।

স্বাগত বক্তব্য দেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের মো. ফরিদ উদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের ড. মুনশি ইসরাইল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক-গবেষকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি ভেন্যুতে মোট ৩৫টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content