শিক্ষা ও শিক্ষাঙ্গন

ইউকেতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের হাফেজ শেখ সাদ নূরের

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৬ , ১০:১৯:৫১ প্রিন্ট সংস্করণ

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘হাবিবুল কুরআন ইউকে’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। বিশ্বমঞ্চে এই অনন্য কৃতিত্ব বাংলাদেশের ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

যুক্তরাজ্যের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে গত ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ বৃহৎ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট ১১০ জন প্রতিভাবান প্রতিযোগীর মধ্যে ‘A2’ গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে নিজের অসাধারণ ও সুললিত কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে এ সাফল্য অর্জন করেন তিনি। ফলাফল ঘোষণা শেষে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

হাফেজ সাদ রাজধানী ঢাকার মিরপুর-১-এ অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কুরআন আল-ইসলামী ঢাকা’-এর কিতাব বিভাগের ছাত্র। এর আগেও এই প্রতিষ্ঠানের ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ ও আনাস মাহফুজরা সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বজয় করেছিলেন। হাফেজ সাদের এই অর্জন সেই ধারাবাহিক সাফল্যের তালিকায় নতুন পালক যুক্ত করল।

কৃতি হাফেজ শেখ সাদ গাজীপুর জেলার কালিগঞ্জ থানার উত্তর রাজনগর গ্রামের সন্তান। তাঁর পিতা মুফতি মাহাদী হাসান আল আমীন উত্তরার ঐতিহ্যবাহী বাইতুস সালাম জামে মসজিদের খতীব ও টঙ্গীর মারকাজুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

হাফেজ সাদের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজি মাসুম মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “এই সাফল্য পুরো বাংলাদেশের। আমাদের লক্ষ্য কুরআনের আদর্শে শিক্ষার্থী গড়ে তুলে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা।” সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন দেশের উদীয়মান হাফেজদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content